“বাংলাদেশ নিয়ে বিদেশিদের মাতব্বরি দরকার নেই”
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বাংলাদেশ নিয়ে বিদেশিদের মাতব্বরি দরকার নেই বলে মন্তব্য করেছেন।
আজ রোববার দুপুরে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট কার্যক্রমের উদ্বোধন শেষে মন্ত্রী এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা (যুক্তরাষ্ট্র) ১৪ বারে স্পিকার নির্বাচিত করেছে। আমাদের দেশে তো এরকম কোনো ঝামেলা নাই। আমেরিকার ৮২ না ৭২ পার্সেন্ট (শতাংশ) জনগণ মনে করে আমেরিকার ডেমোক্রেসি খুব দুর্বল। আর রিপাবলিকান পার্টির ৭৭ পার্সেন্ট মনে করে যে, গত প্রেসিডেন্সি ইলেকশন ছিল ফ্রড ইলেকশন এবং দে হ্যাভ স্টোলেন দ্য ইলেকশন (তারা ভোট চুরি করেছে)। এই রকম তাদের মনমানসিকতা। আমাদের দেশেও কিছু লোক এই ধরনের আছে।
ড. মোমেন বলেন, ওই দেশে (যুক্তরাষ্ট্রে) অ্যাভারেজ কতজন লোকে ভোট দেয়? পঞ্চাশের (শতাংশ) নিচে ভোট দেয়। আর আমাদের দেশে ৭২, ৮০, ৯০ পার্সেন্ট লোকে ভোট দেয়। এই গাইবান্ধায় ৮৬ পার্সেন্ট ভোট পড়েছে। আমাদের দেশে ইলেকশন খুব স্বতঃস্ফূর্ত হয়। আনন্দময় হয়। ওইসব দেশে ইলেকশনের এক মাস আগে ক্যাম্পেইন শুরু হয়, আমাদের এক বছর আগেই শুরু হয়ে গেছে।
তিনি বলেন, যখন সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ সরকার মেজরিটি পেলো, তাদেরকে সরকার গঠন করতে দিলো না। তখনই তো আমরা আন্দোলন শুরু করলাম। তারপর জেনোসাইড হওয়ার পর আমরা স্বাধীনতা ঘোষণা করলাম। এই দেশের (বাংলাদেশ) সৃষ্টি হয়েছিল গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। এই দেশের প্রত্যেক মানুষের রন্ধ্রে রন্ধ্রে এই প্রিন্সিপলগুলো আছে। সো আমাদের অন্যরা মাতব্বরি করে এই পরামর্শ দেওয়ার দরকার নাই। উনারা নিজেদের আয়নায় দেখুক।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অঙ্গীকার করেছি, প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন যে, আগামী নির্বাচন স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক, সবাইকে নিয়ে আমরা করতে চাই। আমরা অবশ্যই বিশ্বাস করি, আমার দল বিশ্বাস করে, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এটা আমার স্লোগান।
আরও পড়ুনঃ দেশের হেলথ সার্ভিসে অনেক সমস্যা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী





