“বাংলাদেশ আজ বিশ্বে ‘ইকনোমিক টাইগার’ হিসেবে উঠে এসেছে”
১৯৭১ সালে স্বাধীনতার পর যে দেশকে অনেকে তলাবিহীন ঝুঁড়ি আখ্যা দিয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশ আজ বিশ্বে ‘ইকনোমিক টাইগার’ হিসেবে উঠে এসেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে ‘শেরাটন ঢাকা’ হোটেলে ‘ডিপ্লোম্যাটস পাবলিকেশন’ আয়োজিত ‘ডিপ্লোম্যাটস নাইট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এভাবেই দেশের অগ্রগতি তুলে ধরেন তিনি।
মন্ত্রী বলেন, ‘ঝড়-ঝঞ্ঝা-জলোচ্ছ্বাস, সাইক্লোন, বন্যা, খরার দুর্যোগের সাথে লড়াই করে আয়তনের দিক থেকে বিশ্বের ৯২তম এই দেশ ধান উৎপাদনে দ্বিতীয়, সবজি উৎপাদনে চতুর্থ, মিঠাপানির মাছ উৎপাদনে দ্বিতীয়-তৃতীয়তে ওঠানামা করে, আলু উৎপাদনে সপ্তম, ইলিশ মাছ উৎপাদনে প্রথম, আম উৎপাদনে দ্বিতীয়। এগুলো কোনো যাদুবলে হয়নি, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বের ফলে হয়েছে।’
ড. হাছান বলেন, ‘আমাদের এই উন্নয়নে বন্ধুপ্রতিম দেশগুলোর অবদান রয়েছে। আমি তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।’
ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, কোরিয়া, ব্রুনেই, যুক্তরাজ্যসহ প্রায় বিশটি দেশের কূটনীতিকরা এ সময় উপস্থিত ছিলেন।
সম্প্রচারমন্ত্রী বলেন, ‘যাদের পরাধীনতা থেকে আমরা স্বাধীন হয়েছিলাম সেই পাকিস্তানকে অনেক আগেই বাংলাদেশ মানবিক, অর্থনৈতিক, সামাজিকসহ সব সূচকে অতিক্রম করেছে, মানব উন্নয়নের অনেক সূচকে ভারতকেও ছাড়িয়েছে। এমন কি করোনার সংগ্রামের মধ্যেও আন্তর্জাতিক অর্থ তহবিল-আইএমএফ প্রকাশিত উপাত্ত অনুযায়ী বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গেছে।’
আরও পড়ুনঃ আওয়ামী লীগ আমলেই নির্বাচন নিরপেক্ষ হয়: প্রধানমন্ত্রী





