ফ্লোরিডায় হারিকেনের আঘাতে নিহত ৬৬
হারিকেন ইয়ানের আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া নর্থ ক্যারোলিনায় ঝড়ের সময় দুর্ঘটনাজনিত কারণে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
হারিকেনে ফ্লোরিডার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার পুয়ের্তো রিকো ও বুধবার ফ্লোরিডায় ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে দেখবেন তিনি।
ইয়ানের কারণে শনিবার পর্যন্ত বহু এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন ছিল। ঘূর্ণিঝড় ইয়ান ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে শুক্রবার ফ্লোরিডার মূল ভূখণ্ড থেকে দূরে সরে যায়। এর আগে ইয়ান ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় হতে পারে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
আরও পড়ুনঃ শ্রেণিকক্ষে বোমা হামলার প্রতিবাদে আফগান নারীদের বিক্ষোভ
হারিকেন ইয়ানের কারণে ফ্লোরিডায় ২৩ লাখের মতো বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন। ফ্লোরিডা পাওয়ার অ্যান্ড লাইট কোম্পানির প্রেসিডেন্ট ও সিইও এরিক সিলাগি জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত কাউন্টিতে বিদ্যুৎসংযোগ পুনরায় চালু করতে রোববার থেকে এক সপ্তাহ সময় লাগতে পারে।





