“প্রবারণা পূর্ণিমা উদযাপনে নিরাপত্তার কোন শঙ্কা নেই”
বৌদ্ধ ধর্মের দ্বিতীয় বৃহত্তম উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপনে নিরাপত্তার কোন শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের যে ধরনের সহযোগিতা লাগবে, আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।’
পাহাড়ে নিরাপত্তার বিষয়ে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সেখানে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। যারা পাহাড়ে শান্তি ও নিরাপত্তা ভঙ্গের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, ‘আপনারা দেখেছেন কারা সেখানে নিরাপত্তা ভঙ্গ করার চেষ্টা করে। আপনাদের মিডিয়ায় ভালোভাবে প্রচারিত হয়েছে, কিভাবে এই শঙ্কাগুলো সৃষ্টি হয়েছে এবং কিভাবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের লোকজন সেগুলো মোকাবিলা করেছে।’
উপদেষ্টা বলেন, কিছু সংখ্যক দুষ্কৃতকারী সবসময় চেষ্টায় থাকে যাতে পরিস্থিতি খারাপের দিকে যায়। অন্তর্র্বর্তী সরকার সেটা হতে দিবেনা। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
দুর্গাপূজার বিষয়ে তিনি বলেন, পূজা খুব ভালোভাবে হবে। কোথাও কোনো শঙ্কা নেই, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি গতকাল গাজীপুরে পূজামন্ডপ পরিদর্শন করেছি। সেখানকার পরিস্থিতি ভালো। সবমিলিয়ে দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক।
আরও পড়ুনঃ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান





