পৃথিবী বাঁচাতে তরুণদের প্রতি ড. ইউনূসের আহ্বান
বর্তমান সভ্যতা পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস তরুণদের ‘থ্রি জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। শুক্রবার টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় তিনি বলেন, “আমাদের সভ্যতা আত্মবিধ্বংসী। এটি পরিবেশ ধ্বংস করছে, যা মানুষের টিকে থাকাকে অসম্ভব করে তুলবে।”
ড. ইউনূস তাঁর ‘থ্রি জিরো থিওরি’—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, এবং শূন্য নিট কার্বন নিঃসরণ—তুলে ধরে বলেন, বর্তমানে বিশ্বে মুনাফা সর্বাধিক করার প্রতিযোগিতা চলছে, যা সম্পদকে মুষ্টিমেয় কয়েকজনের হাতে কেন্দ্রীভূত করেছে। তিনি এটিকে একটি ‘অভিশাপ’ হিসেবে আখ্যায়িত করে বলেন, “এই বৈষম্য এবং পরিবেশ ধ্বংসের ধারা বন্ধ করতে হবে।”
তিনি বেকারত্ব এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বলেন, “চাকরি মানুষের সৃজনশীলতাকে দমিয়ে রাখে। তরুণদের উদ্যোক্তা হয়ে নতুন সমাধান বের করতে হবে।” তিনি ‘থ্রি জিরো ক্লাব’ গঠনের প্রস্তাব দেন, যেখানে পাঁচজনের একটি দল জীবাশ্ম জ্বালানি বর্জন এবং টেকসই জীবনযাপনের প্রতিজ্ঞা নেবে।
ড. ইউনূস তরুণদের সৃজনশীলতার মাধ্যমে একটি নতুন বিশ্ব গড়ার আহ্বান জানিয়ে বলেন, “তরুণরাই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। তাদের দায়িত্ব নিতে হবে।”





