পাকিস্তানে মুক্ত জিম্মিরা, ৩৩ জঙ্গি নিহত
জঙ্গিদের থেকে তিন দিন পর মুক্তি পেয়েছেন পাকিস্তানে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) কম্পাউন্ডে জিম্মি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাঁদের মুক্ত করতে সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি) অভিযান চালায়। এতে সেখানে থাকা ৩৩ জঙ্গির সবাই নিহত হয়েছেন।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পার্লামেন্টকে এ কথা জানিয়েছেন।
ডনের প্রতিবেদনে বলা হয়, খাইবার পাখতুনখাওয়ার বান্নু বিভাগের সিটিডি কম্পাউন্ড মূলত একটি কারাগারবিশেষ। গ্রেপ্তার জঙ্গিদের এখানে রাখা হয়। গত রোববার বন্দীদের একজন এক নিরাপত্তারক্ষীর অস্ত্র ছিনিয়ে নেওয়ার পর জঙ্গিরা কম্পাউন্ডটির নিয়ন্ত্রণ নেন। তাঁরা নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে জিম্মি করেন। জঙ্গিরা নিরাপদে আফগানিস্তান যাওয়ার দাবি করেছিলেন।
পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে অভিযানের বিষয়টি তুলে ধরে প্রতিরক্ষামন্ত্রী বলেন, স্থানীয় সময় আজ বেলা আড়াইটার দিকে কম্পাউন্ডটির পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় এসএসজি। সব জিম্মিকে মুক্ত করা হয়েছে। সিটিডি কম্পাউন্ডে ৩৩ জঙ্গি বন্দী ছিলেন উল্লেখ করে তিনি আরও জানান, সব জঙ্গি এক গোষ্ঠীর ছিলেন না; বরং তাঁরা নিষিদ্ধ বিভিন্ন সংগঠনের সদস্য ছিলেন। আজকের এ অভিযানে ১০ থেকে ১৫ জন সেনা আহত হয়েছেন। তাঁদের দুজন মারা গেছেন।
আরও পড়ুনঃ নিষেধাজ্ঞা এক দিক দিয়ে আসে; অন্য দিক দিয়ে যায়: পররাষ্ট্রমন্ত্রী





