“পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি বস্ত্রের প্রসারে কাজ করতে হবে”
পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি ঐতিহ্যবাহী বস্ত্রের প্রসারে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ শুক্রবার সন্ধ্যায় গুলশানের এজওয়াটার গ্যালারিতে মাহীন খানের বৈশাখী উৎসব ও “ক্রাফটিং দ্য মেনি থ্রেডস অফ কালচারাল টেক্সটাইলস” প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান ফ্যাশন ডিজাইনার মাহীন খানের উদ্যোগের প্রশংসা করে বলেন, এই প্রদর্শনী ডিজাইনারের সৃজনশীলতার পরিচয়। তিনি ঐতিহ্য টিকিয়ে রাখতে টেকসই পন্থা গ্রহণ করেছেন। এই কাজ শুধু শিল্প নয়, এটি টেকসই ভবিষ্যতের পথও দেখাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিজাইনার মাহীন খান, আয়োজক শৈবাল সাহা, ইউসিবি ও এমটিবি ব্যাংকের প্রতিনিধি।
প্রদর্শনীর সঙ্গে মিল রেখে বৈশাখী উৎসবের গান, ফ্যাশন শো এবং বাংলার নববর্ষ উদযাপন হয়। এতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।





