নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকালীন পরিস্থিতি পর্যবেক্ষণে এক যৌথ প্রতিনিধিদল পাঠাবে যুক্তরাষ্ট্র।
বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও জাতীয় ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এ প্রতিনিধিদল পাঠাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের সময়কার ও তার আগে-পরের পরিস্থিতির ওপর একটি সীমিত কারিগরি মূল্যায়নে যৌথ প্রতিনিধিদল পাঠাবে আইআরআই ও এনডিআই। পাঁচজনের এই বিশ্লেষক দল ছয় থেকে আট সপ্তাহের মতো বাংলাদেশে অবস্থান করবে।
নির্বাচনের সময়ে বিভিন্ন ধরনের সহিংসতার বিষয়ভিত্তিক মূল্যায়ন ও কারিগরি মূল্যায়ন করবে এই প্রতিনিধিদল। যার মধ্যে রয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক ও অভ্যন্তরীণ সংঘাত, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে টার্গেট করে হামলা, অনলাইনে হয়রানি ও হুমকি। এসব সহিংসতার নিরসনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকাও থাকবে মূল্যায়নে।
সহিংসতার নেপথ্য কারণ বিশ্লেষণ করে ভবিষ্যতের নির্বাচনগুলোতে সংঘাত কমিয়ে আনতে গঠনমূলক পরামর্শও দেবেন তারা। নির্বাচনী প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর সহিংসতা নিয়ে কারিগরি মূল্যায়ন প্রতিবেদন দেবে এনডিআই ও আইআরআই।
এর আগে গত ৮ থেকে ১১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফরে এসেছিলেন যুক্তরাষ্ট্রের যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম)। তারাই যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে কারিগরি মূল্যায়নের সুযোগ ও কাঠামোর বিষয় নিয়ে ধারণা দেন। ২০০৫ সালে জাতিসংঘে গৃহীত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালার ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুনঃ তাড়াতাড়ি ডিনার করা আপনার জীবনকে দীর্ঘায়িত করতে পারে





