“দেশে বিপ্লবের এই পরিবর্তনে ভারত খুবই অসন্তুষ্ট”
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে বিপ্লবের এই পরিবর্তনে ভারত খুবই অসন্তুষ্ট। ভারত চায় বাংলাদেশে সংঘাত হোক, সহিংসতা হোক, সাম্প্রদায়িক দাঙ্গা হোক। সেটি হলেই তারা বাংলাদেশের পরিবর্তনের মুখে চুনকালি দিতে পারবে।
মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী নগরীর নওদাপাড়ায় মহানগর যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আন্তর্জাতিক নানা চক্রান্তের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার দরকার, তারপরও অতি দ্রুত নির্বাচন নিশ্চিত করতে হবে।
বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেছেন, বাংলাদেশ শেখ হাসিনার কাছে ছিল টাকার খনি। পরিবারের সদস্যসহ ঘনিষ্ঠরা টাকা পাচার করবেন, এটিই ছিল তাদের উদ্দেশ্য। শেখ হাসিনা কত বড় ভয়ংকর দুর্নীতিবাজ ছিল এখন তার প্রমাণ পাওয়া যাচ্ছে।
রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা বলেছিলেন; আওয়ামী লীগকে কেনা যায়, কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না। এটা ঠিক নয়। সবার আগে শেখ হাসিনাকেই কেনা হয়েছিল। তার মাথা কিনেছিল ভারত।
তিনি আরও বলেন, ভারত চেয়েছে তাদের স্বার্থ রক্ষায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। সেটি হয়নি। তবে এখন এদেশ কীভাবে চলবে তা নির্ধারণ করবে এ দেশের জনগণ। বাইরের কোনো দেশ এটি নির্ধারণ করবে না।





