দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
সবশেষ ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজন ডেঙ্গু রোগী মারা গেছেন। এ বছর এখন পর্যন্ত ২৭৪ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৪ জন এবং ঢাকার বাইরের রয়েছেন ৩৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ৮৪৪ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৯৪৩ জন এবং ঢাকার বাইরে ২২ হাজার ৯০১ জন।
চলতি বছর এ পর্যন্ত আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬১ হাজার ৪৯ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৪৮২ জন এবং ঢাকার বাইরে ২২ হাজার ৫৬৭ জন।





