থাইল্যান্ডে যুদ্ধজাহাজ ডুবি; নিখোঁজ ৩১
থাইল্যান্ডের একটি যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় দেশটির ৩১ নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী।
রোববার রাতে ‘এইচটিএমএস সুখোথাই’ নামের ওই যুদ্ধজাহাজের পাওয়ার কন্ট্রোল ইউনিটে পানি উঠলে সেটি ডুবে যায়।
এ বিষয়ে সোমবার দেশটির সরকারি কর্তৃপক্ষ জানায়, এ পর্যন্ত যুদ্ধজাহাজের ৭৫ ক্রুকে উদ্ধার করা হয়েছে। সাগর উত্তাল। এখনো ৩১ নাবিকের খোঁজ নেই। থাইল্যান্ডের নৌবাহিনীর এক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘ইতিমধ্যে যুদ্ধজাহাজডুবির পর ১২ ঘণ্টা পার হয়েছে। আমরা এখনো নাবিকদের খোঁজ করছি।’
যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়ে রাতভর তা চলে। বিমানবাহিনীর সহযোগিতায় সোমবারও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে নৌবাহিনী। এদিকে যুদ্ধজাহাজডুবির কারণ অনুসন্ধানে নৌবাহিনী একটি তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে।
নৌবাহিনীর মুখপাত্র অ্যাডমিরাল পোগক্রং মোনথারদপালিন বিবিসিকে বলেন, ‘আমাদের বাহিনীর ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি বলা চলে। বিশেষ করে সক্রিয় আছে, এমন কোনো যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেনি।’
আরও পড়ুনঃ খাদ্য উৎপাদনের জন্য আবাদি জমি সংরক্ষণে জোর প্রধানমন্ত্রীর





