তুরাগে ট্রলারের ধাক্কায় গ্যাস পাইপলাইন ফেটে ঢাকায় তীব্র সংকট: মেরামত চলছে, স্বল্পচাপ অব্যাহত
রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে মালবাহী ট্রলারের আঘাতে তিতাস গ্যাসের বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঢাকা মহানগরীজুড়ে গ্যাসের তীব্র স্বল্পচাপ ও সরবরাহ সংকট দেখা দিয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানিয়ে বলেছে, ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ চলছে। মেরামতকালীন পাইপে পানি প্রবেশ করায় এবং ঢাকায় গ্যাসের সরবরাহ আগে থেকেই কম থাকায় এখন সারা শহরে মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।
তিতাস জানায়, সংকট সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।
এদিকে, গ্যাস সংকটে রান্নাঘর, রেস্টুরেন্ট ও শিল্পকারখানায় ব্যাপক অসুবিধা দেখা দিয়েছে। অনেক এলাকায় গ্যাসের চাপ একেবারেই কমে গেছে, ফলে রান্না করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন গৃহিণী ও ব্যবসায়ীরা। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইন মেরামত শেষ হলে এবং লাইনে গ্যাসের প্রবাহ স্বাভাবিক হলে পরিস্থিতি দ্রুত উন্নতি পাবে।
ঘটনাস্থলে তিতাসের প্রকৌশলী ও কর্মীরা দ্রুত কাজ চালিয়ে যাচ্ছেন। কর্তৃপক্ষ গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে।





