“তরুণ ও যুবকের রক্ত নিয়ে এখনো রক্তপিপাসু হাসিনা”
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, হাজার হাজার শিশু-কিশোর, তরুণ ও যুবকের রক্ত নিয়ে এখনো রক্তপিপাসু মন তার। এখনো তিনি প্রতিহিংসা থেকে হত্যার নির্দেশনা দেন। যা একটা স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়।
মঙ্গলবার সন্ধ্যায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, হাজার হাজার শিশু-কিশোর, তরুণ ও যুবকের রক্ত নিয়ে এখনো রক্তপিপাসু মন তার। এখনো তিনি প্রতিহিংসা থেকে হত্যার নির্দেশনা দেন। যা একটা স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। এই শেখ হাসিনা ক্ষমতাকে নিজের করে চিরদিন রাখার জন্য নির্বাচন ও গণতন্ত্র ধ্বংস করেছেন। ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন, ২০১৮-তে নৈশকালীন নির্বাচন, এরপর ২০২৪-এ ডামি নির্বাচন করেছেন।’
তিনি আরও বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এক লাখ লোক মানুষ মারা যাবে। কিন্তু ৫ আগস্টের পর দেশে এরকম কিছুই ঘটেনি। অথচ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে তিনি এসব কথা বলেছেন।’
দেশের স্বাস্থ্যসেবার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের স্বাস্থ্যখাতের সঠিক উন্নয়ন হলে, অবকাঠামোগত উন্নয়ন হলে দেশের মানুষ ভারতে চিকিৎসা নিতে যেতো না। একই বই, একই পদ্ধতি, বিশ্বের চিকিৎসকরা একই হওয়ার কথা। তারপরও দেশের মানুষের মাইন্ড সেটাপ বিদেশে চিকিৎসা নিতে যায়। এটার পরিবর্তন একমাত্র দেশের চিকিৎসকরা ঘটাতে পারেন।’





