ড. ইউনূসের মামলা নিয়ে যা বললেন আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, গ্রামীণফোনের ৩২ পার্সেন্ট শেয়ারের মালিক ড. ইউনূস। কোম্পানীর নীতিমালা অনুযায়ী লাভের পাঁচ ভাগ শ্রমিকদের দিতে হয়। তিনি তাদের তা দেন নাই। শ্রমিকরা তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। তিনি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট গেছেন। আদালত বলেছেন মামলা চলবে। পরে তিনি বিশ্বের ১৬০ টি দেশের মানুষকে দিয়ে চিঠি লিখিয়েছেন, আমাদের দেশের বিচার নাকি সঠিক হয় না।
আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামে আশ্রয়ণ প্রকল্পের গৃহহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আদালতে যে বিচার হবে, সেই বিচারের রায় সকলকে মেনে নিতে হবে।
ড. ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলা আইন অনুযায়ী চলবে জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের সব মানুষ আয়কর দেন। উনি আয়কর দেবেন না। যখন এটা নিয়ে উনাকে ধরা হয়েছে। উনার বিরুদ্ধে মামলা হয়েছে। উনি হাইকোর্টে গেছেন। হাইকোর্টকে তিনি বলেছেন, মামলা ঠিক নয়। হাইকোর্ট বলেছেন, মামলা সঠিক আছে। পরে তিনি গেলেন আপিল বিভাগে। আপিল বিভাগে গিয়ে বলেছেন, মামলা ঠিক না। আপিল বিভাগ বলেছেন মামলা সঠিক। পরে তিনি আদালতের নির্দেশে পাওনা সাড়ে ১২ কোটি টাকা পরিশোধ করেছেন।
ডক্টর ইউনূসকে ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংকের সঙ্গে মিশে এক সুদখোর পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছিলেন। তিনি এখনও ষড়যন্ত্র করে যাচ্ছেন। এদেশের আপামর জনসাধারণের রক্ত চুষে নিয়ে তিনি বিদেশে কোম্পানি বানিয়েছেন।
আরও পড়ুনঃ ‘বাংলাদেশে আসতে চান ওবামা-হিলারি’ দাবি ড. ইউনূসের আইনজীবীর





