ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এসময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৭ জন রোগী।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন ৬৭৭ জন রোগী নিয়ে বর্তমানে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ২ হাজার ৪৯৩ জন। গত ৮ অক্টোবর দেশে একদিনে সর্বোচ্চ ৭১২ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল। ২৪ ঘণ্টায় অর্থাৎ সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬৭৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৬২ জন এবং ঢাকার বাইরে ২১৫ জন।
এতে আরও বলা হয়, নতুন ৬৭৭ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৯৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ২১ হাজার ৮৭০ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৯ হাজার ৩০৩ জন।
আরও পড়ুনঃ বিদ্যুতের দাম বাড়ছে





