ডিএমপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল।
ডিএমপি’র পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল উপস্থিত থাকবেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান ও ইন্সপেক্টর জেনারেল পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন উপস্থিত থাকবেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা এই ইউনিটসহ দেশের সকল পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, আইজিপি ও ডিএমপি কমিশনার পৃথক পৃথক বাণী দিয়েছেন।
‘শান্তি শপথে বলীয়ান’ এ মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে রাজধানী ঢাকার জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে আসছে ডিএমপি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠার অভিব্যক্তি প্রকাশ ও উদ্যোগ নিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় ১৯৭৬ সালে ১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত পুলিশের সর্ববৃহৎ এ ইউনিট সময়ের পরিক্রমায় মহানগরবাসীর নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিকেল ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৮তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানমালা। র্যালিটি ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে শুরু হয়ে রাজারবাগ পুলিশ লাইন্সে এসে শেষ হবে। শোভাযাত্রায় ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্তরের পুলিশ সদস্য অংশগ্রহণ করবেন। শোভাযাত্রায় যুক্ত থাকবে ডিএমপির সুসজ্জিত অশ্বারোহী ও ব্যান্ড দল, ডগ স্কোয়াড, সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিটসহ অন্যান্য ইউনিটের সদস্যরা।
প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বিকেল ৪টায় কেক কেটে প্রতিষ্ঠা দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।





