জার্মানির নাগরিকত্ব পেতে ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করতে হবে
এখন থেকে জার্মানির সাক্সনি-আনহাল্ট রাজ্যের নাগরিকত্বের জন্য কেউ আবেদন করলে তাকে ইসরায়েলের অস্তিত্বের অধিকারের স্বীকৃতি দেওয়ার বাধ্যবাধকতা চালু করা হয়েছে।
নতুন আইন অনুযায়ী পূর্ব জার্মানির রাজ্য সাক্সনি-আনহাল্ট বিদেশিদের নাগরিকত্ব পেতে হলে আবেদনকারীকে লিখিতভাবে নিশ্চিত করতে হবে যে তিনি ইসরায়েলের অস্তিত্বের অধিকার স্বীকার করেন ও রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্বের বিপক্ষে যে কোনো মতামতের নিন্দা জানান।
রাজ্যটির স্বরাষ্ট্রমন্ত্রী তামারা জিশাং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এই নির্দেশনা কার্যকর করতে বলেছেন। এমনকি, তিনি বাকি ১৫টি রাজ্যেও এই নিয়ম চালুর আহ্বান জানিয়েছেন।
জার্মানির নাগরিকত্ব আইন কেন্দ্রীয়ভাবে নির্ধারিত হলেও, এর বাস্তবায়ন ১৬টি রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে। নাগরিকত্বের ক্ষেত্রে ইসরায়েল সংক্রান্ত একই ধরনের শর্ত আরোপের প্রস্তাব রয়েছে জার্মান পার্লামেন্ট বুন্ডেসটাগেও। সেখানে সিদ্ধান্ত গৃহীত হলে সারা জার্মানিতেই নিয়মটি কার্যকর হবে।
সাক্সনি-আনহাল্ট রাজ্যের নতুন ডিক্রি ও ফেডারেল পর্যায়ে এ নিয়ে আলোচনা, দুই ক্ষেত্রেই বিষয়টিকে সামনে এনেছে মধ্য-ডানপন্থি খ্রিষ্টীয় গণতন্ত্রী দল সিডিইউ। ক্ষমতাসীনেরাসহ অন্য দলগুলোরও এতে সমর্থন রয়েছে।





