গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদি এলাকায় বাস, প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন। এসময় আহত হন আরও ১০ জন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন মুকসুদপুর উপজেলার মোল্লাদি গ্রামের রাজিব শেখ (২২) ও একই গ্রামের কুটি মিয়া শেখের ছেলে সাহেব আলী (৫০)। জান্নাতি (১০) ও সাবিহা (১) নামের দুই শিশু গুরুতর আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস এবং মুকসুদপুর থেকে বরিশালগামী একটি প্রাইভেটকার ঘটনাস্থলে পৌঁছালে একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের দুই যাত্রী নিহত হন। আহত হন অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ “আসুন ঈদুল আজহার ত্যাগের চেতনায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করি”





