গাজীপুরে ছাদ ধসে দুই শ্রমিক নিহত
গাজীপুরের শ্রীপুরে একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন নির্মাণশ্রমিক।
বুধবার বিকেল সাড়ে ৪টায় শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি বৈরাগীরচালা গ্রামের হ্যামস্ গার্মেন্টস লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের নাম আরিফুল ইসলাম (২১)। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, হ্যামস্ গার্মেন্টস লিমিটেডের একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে। চাপা পড়েন ঢালাই কাজে থাকা বেশ কয়েকজন নির্মাণশ্রমিক। ছাদ ধসে পড়ার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত আরিফুলসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মামুন নামে একজন গুরুতর আহত হয়েছেন।





