গণতন্ত্রের নামে ফ্যাসিবাদী তৎপরতা চালাচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রের নামে ফ্যাসিবাদী তৎপরতা চালাচ্ছে বিএনপি। তারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়।
আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে এ আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
তিনি বলেন, ফ্যাসিবাদ কাকে বলে তার জলন্ত প্রমাণ বিএনপি। বিএনপি গণতন্ত্রকে ধংস করেছে, অর্থ পাচার করেছে। তাই দুর্নীতির কথা বিএনপির মুখে শোভা পায় না। ফ্যাসিবাদের রাষ্ট্র তারা করেছে, আর শেখ হাসিনা শৃঙ্খলমুক্তির রাষ্ট্র করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এদেশে ভোট চুরির রাজনীতি ও আজিজ মার্কা নির্বাচনও বিএনপির হাত দিয়ে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়। আর সন্ত্রাসী দল হিসেবে আখ্যা পাওয়া বিএনপি চায় নির্বাচন বাধাগ্রস্ত করতে। কাজেই নিষেধাজ্ঞা আর ভিসানীতি কার ওপর প্রয়োগ হয় সেটাই দেখা হবে।
তিনি বলেন, তারা ধমক মারে, হুমকি দেয়, এখন আবার ভিসানীতি প্রয়োগ করেছে। অথচ এমন হুমকি বিএনপির বেলায় নেই। কিন্তু নির্বাচনে বাধা দিচ্ছে বিএনপি। ফলে ভিসানীতিতে তারা পড়ে, আমরা না। আমরা নির্বাচনের আগেও শান্তি চাই, নির্বাচনের পরেও শান্তি চাই। বিএনপি বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন।
তিনি বলেন, ঘরুর হাট গোলাপবাগে বিএনপির কর্মীরা হতাশায় ছিল। এখন সরকারের পদত্যাগ চাওয়ার আন্দোলনে কর্মীদের ২-৫ হাজার টাকা দিয়ে আন্দোলন করাতে ঢাকায় আনা হচ্ছে। তাই তত্ত্বাবধায়ক চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে পাকিস্তানে যাওয়ার পরামর্শ দেন ওবায়দুল কাদের।
সূত্রঃ বাসস





