খালেদা জিয়ার শেষ শ্রদ্ধায় ঢাকায় আসছেন জয়শঙ্কর ও ইসহাক দার
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে জয়শঙ্কর আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় পৌঁছে জানাজায় অংশ নেবেন। একইভাবে পাকিস্তানের পক্ষে ইসহাক দারও জানাজায় যোগ দেবেন। এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন প্রতিনিধিও ঢাকায় আসার কথা রয়েছে।
সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণ তার রাজনৈতিক জীবনের গুরুত্ব এবং আঞ্চলিক সম্পর্কের প্রতিফলন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, জয়শঙ্কর ভারত সরকার ও জনগণের পক্ষে শ্রদ্ধা নিবেদন করবেন। পাকিস্তানের পক্ষ থেকেও ইসহাক দারের আগমন নিশ্চিত করা হয়েছে।
দীর্ঘদিন লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর গুরুতর অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ফজরের নামাজের পরপরই তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এরপর তাকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চন্দ্রিমা উদ্যানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের উন্নয়নে অবদান রেখেছেন। তার বিদায়ে আন্তর্জাতিক নেতারা শোক জানিয়েছেন। জাতি একজন আপসহীন নেত্রীকে চিরবিদায় জানাতে প্রস্তুত।





