কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিস্ফোরণে নিহত ২০
আফগানিস্তানের কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিস্ফোরণের ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ আত্মঘাতী হামলা চালানো হয়।
এ বিষয়ে ওস্তাদ ফরিদুন নামে আফগান তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হামলাকারী বোমা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের পরিকল্পনা করে ব্যর্থ হন। এটি এ বছরে কাবুলে হওয়া দ্বিতীয় বড় হামলা। যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে সেখানে তুরস্ক, চীনসহ কয়েকটি দেশের দূতাবাস রয়েছে।
এ ঘটনায় আফগান স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, দিনের ব্যস্ত সময়ে এ ঘটনা ঘটেছে। ওই এলাকায় অবস্থিত কয়েকটি মন্ত্রণালয়ের নিরাপত্তা রক্ষায় বেশ কয়েকটি চেকপয়েন্ট রয়েছে। এরপরও কীভাবে এমন ভয়াবহ ঘটনা ঘটলো, তার তদন্ত শুরু হয়েছে।





