এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকার যানজট নিরসনে বহুল প্রতীক্ষিত দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের (ঢাকা উড়াল সড়ক) আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠে উদ্বোধনী ফলক উন্মোচনের মধ্য দিয়ে এ উড়াল সড়কের শুভ উদ্বোধন করেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রীর গাড়িবহর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা এলাকায় উত্তর প্রান্ত থেকে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে এবং সেখানে টোল প্লাজায় টোল পরিশোধ করেন প্রধানমন্ত্রী।
দুপুর সোয়া ২টায় সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। শিল্পী রাজিবের ‘বাংলাদেশ আমার বাংলাদেশ’ গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধন ঘিরে এক্সপ্রেসওয়ের দুপাশ প্ল্যাকার্ড ও পতাকা দিয়ে সুসজ্জিত করা হয়েছে।
এদিন এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে সকাল থেকে দলে দলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুরোনো বাণিজ্যমেলার মাঠে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই মাঠে জনতার ঢল নামে।
তবে দুপুর ১টার দিকে হঠাৎই শুরু হয় তুমুল বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করেই অনুষ্ঠানস্থলে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের কড়া নিরাপত্তায় উদ্বোধনস্থলে ঢুকতে দিতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। দুপুর আড়াইটায় একই চিত্র দেখা যায় প্রবেশমুখগুলোতে।
দেশের প্রথম এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এর প্রথম অংশের উদ্বোধন হলো আজ। বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশের দূরত্ব ১১ দশমিক ৫ কিলোমিটার। আগামীকাল রোববার (৩ সেপ্টেম্বর) থেকে যানবাহন চলাচলের জন্য এক্সপ্রেসওয়েটি উন্মুক্ত করে দেওয়া হবে।
আরও পড়ুনঃ “মূর্খদের হাতে দেশের দায়িত্ব পড়লে সে দেশের কোনো অগ্রযাত্রা হতে পারে না”





