“এবারের পূজায় সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা সংকট নেই”
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, ঝুঁকি বিবেচনায় এবারের পূজায় সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা সংকট নেই৷ তবে কেউ যাতে ফায়দা নিতে না পারেন, সেজন্যই ব্যবস্থা নেয়াতে কোনো ত্রুটি রাখা হচ্ছে না৷
আজ সোমবার দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে রাজধানীতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ঢাকেশ্বরী মন্দিরের ৮০০ বছরের পুরনো একটা ঐতিহ্য রয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, দেশে এ বছর ৩১ হাজারের বেশি মণ্ডপে পূজা হচ্ছে দেশে৷ ঢাকায় অন্যান্য বারের চেয়ে এবার ৬টি বেশি মণ্ডপে পূজা বেশি৷ উৎসাহ-উদ্দীপনার কোনো ঘাটতি নেই কোথাও৷ কোথাও কোথাও প্রতিমা ভাঙার খোঁজ পাওয়া গেলেও সেটি নগণ্য৷
তিনি বলেন, তিনটি ধাপে পূজার নিরাপত্তা দেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ মন্দিরগুলোতে আনসার মোতায়েন থাকবে আগামীকাল (মঙ্গলবার) থেকেই৷ অন্যান্য বাহিনীও টহলে থাকবে৷ বিশেষায়িত পুলিশ বাহিনীও দায়িত্বে থাকবে৷ যদি কেউ পূজায় আইনশৃঙ্খলা ব্যহত করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷ কোথাও কোনো অপতৎপরতার সুযোগ নেই৷ থাকবে সাইবার তদারকিও৷ ৯৯৯ সব সময় চালু রয়েছে৷ বিশেষ কন্ট্রোল রুমে সারা দেশ থেকে পূজার নিরাপত্তা ব্যবস্থা তদারকি করা হবে।
আরও পড়ুনঃ “সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে”





