উগান্ডায় পদদলিত হয়ে নিহত ৯
উগান্ডার রাজধানী কাম্পালায় বর্ষবরণের অনুষ্ঠানে পদদলিত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে।
শনিবার রাতে বর্ষবরণের আতশবাজির অনুষ্ঠান দেখতে তারা সেখানে জড়ো হয়েছিলেন।
এ বিষয়ে উগান্ডা পুলিশের মুখপাত্র লুক ওয়োইসিগেরে জানিয়েছেন, নতুন বছর বরণে রাজধানী কাম্পালার ফ্রিডম সিটি শপিং মলে জড়ো হন অসংখ্য মানুষ। আতশবাজি প্রদর্শন শেষ হওয়ার পর সেখানে পদদলনের ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিক পাঁচজন নিহত হয়। আহত হয় অসংখ্য মানুষ। জরুরি সেবা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের হাসপাতালে পাঠান, সেখানে নয়জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
হতাহতদের মধ্যে অনেক কিশোর রয়েছে, তবে তাদের বয়স সম্পর্কে নিশ্চিত কিছু বলেননি এই পুলিশ কর্মকর্তা। বেপরোয়া ও অবহেলার কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে তিনি জানান।





