ইসরাইলের পক্ষে গোয়েন্দাগিরির অভিযোগে ৮ ভারতীয়র মৃত্যুদণ্ড দিল কাতার
ইসরাইলের পক্ষে গোয়েন্দাগিরির দায়ে আট ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন কাতারের একটি আদালত। মৃত্যুদণ্ড প্রাপ্তরা ভারতীয় নৌবাহিনীর সাবেক সদস্য।
আজ বৃহস্পতিবার এ রায়ে ‘বিস্ময়’ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কাতারে ডাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসাল্টেন্সি সার্ভিসেস নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন ভারতের সাবেক এই আট নৌসেনা। এদের মধ্যে একজন অফিসার ভারতের একটি যুদ্ধজাহাজের সার্বিক দায়িত্বেও ছিলেন।
কাতারের সেনা সম্পর্কিত কিছু পরিষেবা সরবরাহ ও ট্রেনিং দেয়া হতো ওই প্রতিষ্ঠানে। গত বছর দোহায় অবস্থিত কাতারের ইন্টালিজেন্স সার্ভিসেস তথা গোয়েন্দা বিভাগ এই আট জনকে আটক করে। তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল।
অভিযোগে বলা হয়, কাতারের তথ্য ইসরাইলে পাচার করছিলেন তারা।
মৃত্যুদণ্ডের রায় হওয়া আট সাবেক ভারতীয় নৌসেনা হলেন ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বার্মা, ক্যাপ্টেন সৌরভ বাশিস্ট, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুনাকার পাকালা, নাবিক রাগেশ ও কমান্ডার সঞ্জীব গুপ্তা।
আরও পড়ুনঃ “আমরা আটঘাট বেঁধে নেমেছি; অলিগলিতেও পালানোর পথ পাবেন না”





