ইরানে বিক্ষোভে অন্তত ৯২ জন নিহত: মানবাধিকার গ্রুপ
ইরানে পুলিশ হেফাজতে এক তরুনীর মৃত্যুকে কেন্দ্র করে চলা বিক্ষোভকালে অন্তত ৯২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)।
রোববার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে সংস্থাটি।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হাতে আটক আমিনীর (২২) মৃত্যুর পর দেশজুড়ে হিজাব বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ বিক্ষোভ নারীদের হলেও পুরুষেরাও এতে অংশ নিচ্ছে। এছাড়া, শনিবার পর্যন্ত বিশ্বের প্রায় দেড়শো শহরে ইরানী নারীদের আন্দোলনের সমর্থনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ ‘তাইওয়ানে এখনই হামলা করবেনা চীন’
অসলো ভিত্তিক আইএইচআর বলেছে, বিক্ষোভে অংশ নেয়া অন্তত ৯২ জন প্রাণ হারিয়েছে। সংস্থাটি ইন্টারনেট ও হোয়াটসঅ্যাপ বন্ধ থাকা সত্ত্বেও বিক্ষোভে মৃতের সংখ্যা নির্ণয়ে কাজ করছে।
এর আগে লন্ডন ভিত্তিক অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল ৫৩ জনের প্রাণহানির খবর জানিয়েছিল। গত সপ্তাহে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি বলেছিল, বিক্ষোভে প্রায় ৬০ জন নিহত হয়েছে।





