ইমরান খানের তিন বছরের সাজা হাইকোর্টে স্থগিত
ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বছরের সাজা স্থগিত করেছেন।
আজ মঙ্গলবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের আইনজীবী নাঈম হায়দার পাঞ্জোথার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে দেওয়া তিন বছরের কারাদণ্ডের রায় নিয়ে প্রশ্ন তোলেন দেশটির সর্বোচ্চ আদালত। ওই রায়ে গুরুতর ত্রুটি ছিল বলে মন্তব্য করেন প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ।
গত বুধবার (২৩ আগস্ট) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল তার পর্যবেক্ষণে বলেন, দায়রা আদালত একদিনে রায় দিয়েছে, যেটা সঠিক ছিল না। তাই প্রথম দৃষ্টিতেই দায়রা আদালতের রায়ে ত্রুটি ধরা পড়েছে।
গত ৪ আগস্ট ইসলামাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইমরান খানের আপিলটি আমলে নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার (২৯ আগস্ট) প্রধান বিচারপতি আমির ফারুক এবং বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বহুল প্রত্যাশিত এ রায় ঘোষণা করেন।





