“আমেরিকা কাকে ভিসা দেবে আর কাকে দেবে না তাদের নিজস্ব ব্যাপার”
আমেরিকা কাকে ভিসা দেবে আর কাকে দেবে না এটা একান্তই তাদের নিজস্ব ব্যাপার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শনিবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনসে ইনডোর প্লে গ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসানীতি আমেরিকার নিজস্ব বিষয়। এতে আমাদের হাত নেই। তারা কাকে ভিসা দেবে আর কাকে দেবে না একান্তই তাদের নিজস্ব ব্যাপার। তারা নির্দিষ্ট কোনো দলকে স্যাংশনস দিচ্ছে না।
তিনি বলেন, যারা নির্বাচনের পরিবেশ বিনষ্ট করবে স্যাংশনস তাদের জন্য। এতে আমাদের কিছু বলার নেই।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আফ্রিকার একটি দেশে গিয়ে বলেছেন- ‘যদি তোমরা উন্নয়ন দেখতে চাও, তবে বাংলাদেশে যাও। শেখ হাসিনাকে ফলো করো।’
বিএনপির আন্দোলনের বিষয়ে তিনি বলেন, নির্বাচন এলে সবাই আনন্দঘন পরিবেশে মিছিল-মিটিং করে। এটা অস্বাভাবিক কিছু নয়।





