“আমরা এখন ২১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রাখতে পারি”
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমরা এখন ২১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রাখতে পারি। প্রধানমন্ত্রী বলেছেন, এটাকে ২০৩০ সালের মধ্যে ৩০ লাখের উপরে নিয়ে যেতে হবে। এটা হলো প্রধানমন্ত্রীর নির্দেশ।
মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, যারা অতীতে কিছু দিতে পারেনি, তারা কোনোদিন দিতে পারবেও না। তারা করোনার সময় বলেছিল দুই লাখ লোক না খেয়ে মারা যাবে। কিন্তু একজনও না খেয়ে মারা যায়নি, বরং রিলিফে রিলিফে ভরিয়ে দেয়া হয়েছে। তারা কিছুদিন আগেও বলেছিল, দুর্ভিক্ষ হবে, কিন্তু হচ্ছে না। অতএব তারা সব সময় মিথ্যা কথাই বলবে। সেদিকে কান না দিয়ে উন্নয়নের ধারাটা অব্যাহত রাখার চেষ্টা করুন।
খাদ্য মজুদের প্রসঙ্গ টেনে খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যের কোন প্রকল্প দাখিল করলে তিনি না করেন না। আমরা করতে পারব। আপনাদেরও তাকে রাখার ব্যবস্থাটা করতে হবে। সব দলাদলি ভেদাভেদ ভুলে যেতে হবে।
মিল মালিকদের লাইসেন্স ছাড়া ব্যবসা না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের নতুন আইন হয়েছে। আইনটা যেমন সৎ ব্যবসায়ীদের জন্য খুবই ভালো, তেমনি অসৎ ব্যবসায়ীদের জন্য খুবই খারাপ। মজুতের বিরুদ্ধে, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন, ট্রাকে পরিবহন করবেন– সব বিষয়ে ওই আইনে পরিষ্কারভাবে বলা আছে।





