আচরণবিধি ভঙ্গের অভিযোগে প্রধান কোচের পদ থেকে হাথুরুসিংহে বরখাস্ত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আচরণবিধি ভঙ্গের অভিযোগে প্রধান কোচের পদ থেকে চান্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছে।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বাংলাদেশ দলের সঙ্গে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি ছিল হাথুরুসিংহের। দিন ছয়েক পরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ। কিন্তু তার আগেই অসাদাচরণের জন্যই লঙ্কান এ কোচকে বরখাস্ত করলো বিসিবি। তার বিরুদ্ধে ২০২৩ বিশ্বকাপের সময় নাসুম আহমেদকে শারিরীকভাবে লাঞ্চিত করার অভিযোগ ছিল। এছাড়া নির্ধারিত ছুটির চেয়ে বেশি ছুটি তিনি কাটিয়েছেন বলেও অভিযোগ আছে। যা আচরণবিধি ভঙ্গের অংশ।
হাথুরুসিংহেকে বরখাস্ত করার বিষয়ে গণমাধ্যমকে ফারুক আহমেদ বলেন, ‘বর্তমান কোচের ব্যাপারে আমরা চেষ্টা করছিলাম। দুই-তিনটা ঘটনা ঘটেছে। এটা দলের জন্য ভালো উদাহরণ ছিল না। শোকজ ও সাসপেনশন দেয়া হয়েছে। বরখাস্ত করার আগে আমরা তাকে নিয়ম মেনে শোকজ নোটিশ করেছি। এরপর আমরা বরখাস্ত করব। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কোচ ফিল সিমন্স।’
ফলে দ্বিতীয় মেয়াদে শেষ হলো হাথুরুসিংহের বাংলাদেশ অধ্যায়। এর আগে ২০১৪ সালের মে থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্ব পালন করেছিলেন হাথুরুসিংহে। সেবার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নিজেই কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন।
আরও পড়ুনঃ ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি পেয়েছে গ্রামীণ ব্যাংক





