“আওয়ামী লীগ সরকার হিমালয় পর্বতের মতো”
বিএনপি সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার স্বপ্ন দেখে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা বিএনপি এখন লাঠি নিয়ে মিছিল করছে। তারা সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার স্বপ্ন দেখে। তারা জানে না হিমালয় পর্বতকে ধাক্কা দিয়ে ফেলা যায় না। আওয়ামী লীগ সরকার হিমালয় পর্বতের মতো। এ কথা তাদের (বিএনপি) মনে রাখতে হবে।
আজ মঙ্গলবার বিকেলে মাদারীপুরের শিবচর উপজেলার নূর-ই আলম চৌধুরী মিলনায়তনে উপজেলা স্বাস্থ্যসেবা খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাকালে অনেক চিকিৎসক-নার্স চিকিৎসা দিতে গিয়ে মারা গেছেন। এত ভয়ের মধ্যেও কোনো চিকিৎসক কাজ না করে পালিয়ে যাননি। আর বিএনপির লোকেরা পার্লামেন্টের ভেতরে ও বাইরে শুধু মিথ্যাচার করে বেড়ায়। করোনার সময় নাকি হাসপাতালে কোনো চিকিৎসা সেবা পায় নাই। অথচ করোনার সময় বিএনপির নেতা-কর্মীসহ একটা লোকও মানুষের পাশে ছিল না।
জাহিদ মালেক বলেন, করোনার প্রকোপ দেশ থেকে এমনি এমনি কমে যায়নি। এ জন্য সরকারকে কাজ করতে হয়েছে। দেশের মানুষকে শুধু ৪০ হাজার কোটি টাকার করোনার টিকা দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ “বৈশ্বিক সংকটকে পুঁজি করে বিএনপি ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে”





