“আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী চক্র দীর্ঘদিন ধরে সুপরিকল্পিতভাবে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। সেজন্যই চক্রান্তমূলকভাবে ২১ আগস্টের মামলায় তাকে জড়িত করা হয়েছে। বাংলাদেশে আইনের শাসনের অনুপস্থিতিতে সত্যের জন্য, সম্মানের জন্য ও আত্মমর্যাদার জন্য সুশীল ভদ্রলোকদের সমাজে টিকে থাকাকে অসম্ভব করে তোলা হয়েছে।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
তিনি বলেন, জাতীয়তাবাদী নেতৃত্বকে দুর্বল এবং গণতন্ত্রকে বিপন্ন করতে বর্তমান আওয়ামী শাসকগোষ্ঠী ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর নিজেদের মতাদর্শের অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে এ মামলার চার্জশিটে তারেক রহমানের নাম ঢোকানো হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে তাদেরই আন্দোলনের ফসল ১/১১ এর সরকারের সময়সহ দুই দফা তদন্ত ও চার্জশিটে তারেক রহমানের নাম না থাকার পরও তাকে জড়িত করা সম্পূর্ণরূপে আক্রোশের বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, দেশে সুশাসন ও ন্যায়বিচার থাকলে লুটেরা, টাকা পাচারকারী এবং ক্ষমতাঘনিষ্ঠ ঋণখেলাপিদের আইনের আওতায় এনে শাস্তি কার্যকর করা হতো। অথচ তারাই আজ দাপিয়ে বেড়াচ্ছে।
আরও পড়ুনঃ “তারেক জিয়াসহ পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে”





