আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীতে অনুপস্থিতি: বরখাস্ত চলমান
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা সদস্যদের বরখাস্ত করার প্রক্রিয়া চলমান থাকবে।
সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, ইতোমধ্যে কর্মক্ষেত্রে অনুপস্থিতির কারণে ১৮ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, “এটি একটি চলমান প্রক্রিয়া। ছুটি না নিয়ে ৬০ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকলে বরখাস্ত করা হয়। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।”
মব জাস্টিসের বিষয়ে তিনি বলেন, “সভায় মব জাস্টিস যতটা সম্ভব কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। এটি পুরোপুরি বন্ধ হয়নি। সম্প্রতি রংপুরে একটি মব জাস্টিসের ঘটনা ঘটেছে। ঢাকায় এটি কমলেও, আশপাশের এলাকায় দু-একটি ঘটনা ঘটছে। আমরা এটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।”
১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে একজন রিকশাচালককে গ্রেফতারের ঘটনায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সংশ্লিষ্ট থানার ওসির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, “ধানমন্ডি ৩২ নম্বরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে আমাদের স্পষ্ট নির্দেশনা ছিল। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে, এর বাইরে আমাদের আর কোনো কথা নেই।”
তিনি আরও বলেন, “আমরা চাই, নির্দোষ জনগণ কোনোভাবেই শাস্তির আওতায় না আসুক। যারা দোষী, তারা কোনোভাবে ছাড় পাবে না। আমরা সাধারণত ছোটখাটো অপরাধীদের ধরি, কিন্তু বড় মাছগুলো প্রায়ই ছাড়া পেয়ে যায়। যখন কোনো বড় অপরাধী ধরা পড়ে, তখন সবাই তা নিয়ে কথা বলে, কিন্তু ছোটখাটো অপরাধীদের বিষয়ে কেউ তেমন কিছু বলে না।”
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, পুলিশ সংস্কার কমিশন, সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাইবার অপপ্রচার রোধে ব্যবস্থা, মাদক নিয়ন্ত্রণ, শীর্ষ সন্ত্রাসীদের জামিন, অবৈধ অস্ত্র উদ্ধার, সীমান্ত ও পার্বত্য অঞ্চলের পরিস্থিতি এবং রোহিঙ্গা ক্যাম্পের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।





